দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র ও ঐতিহাসিক জনপদ বৃহত্তর দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন না হলে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ ধারাবাহিক কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ‘বৃহত্তর দোহাজারীর সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে দোহাজারী ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রখর রোদ উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন হাতে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় বৃহত্তর দোহাজারীকে উপজেলা ঘোষণা করা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা ও অবহেলার কারণে এ অঞ্চলের মানুষ প্রত্যাশিত উন্নয়ন ও প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, দোহাজারীকে ‘দোহাজারী সাঙ্গু উপজেলা’ হিসেবে বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
মানববন্ধন থেকে পর্যায়ক্রমে মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, দোহাজারী-কক্সবাজার রেলপথ অবরোধ এবং সর্বশেষ আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দোহাজারীকে উপজেলা ঘোষণার উদ্যোগ নেওয়া না হলে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়ার কর্মসূচিও নেওয়া হতে পারে বলে জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, বৃহত্তর দোহাজারী উপজেলা হিসেবে বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা মানুষের আরও কাছে পৌঁছাবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। এ কারণে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান তারা।
এমএস/